দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতকর্মীদের মধ্যে প্রায় ১০০ জনকে বিএনপি‘তে ফেরানোর চেষ্টা চলছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এদের মধ্যে বহিষ্কৃত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার নাম রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে নিজ অবস্থান স্পষ্ট করেছেন ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই।‘

সোমবার (২৩ নভেম্বর) নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

পোস্টে রুমিন ফারহানা লিখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীত ভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারণ আছে বলেও মনে করি না।’

তিনি আরও লিখেন, ‘আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। তাদের নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও ৫ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি।