
হারিয়ে যাচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী বেত শিল্প

একসময় কাঁচা বেতের মিষ্টি গন্ধ আর কারিগরদের হাতুড়ি–বাটালের ছন্দময় ঠুকঠাক শব্দে মুখোর ছিল হোসনিগঞ্জ ‘বেত পট্টি‘। কারিগররা বেত দিয়ে সোফা, রকিং চেয়ার, মোড়া, বই রাখার তাক, টি–টেবিল, ডাইনিং টেবিল এবং ডালা–কুলাসহ নানা গৃহস্থালি ও শৌখিন পণ্য তৈরি করতেন।
সময়ের সাথে সাথে চিরচেনা কোলাহল এখন আর নেই। প্লাস্টিক ও আধুনিক আসবাবপত্রের দাপটে অস্তিত্ব হারাতে বসেছে শতবর্ষী এই শিল্প।
দুই দশক আগেও যেখানে ১৫ থেকে ২০টি বেতের আসবাবপত্রের দোকান ছিলো, এখন সেখানে টিকে আছে মাত্র চারটি। আর আটটি কারখানার জায়গায় চলছে মাত্র দুটি।
বেতের তৈরি দোলনা থেকে শুরু করে ফুলের টব—নানা পণ্য তৈরি হয় এখানে। আশপাশের বিভিন্ন জেলাতেও যায় এসব আসবাব। কিন্তু তুলনামূলক কম দামের প্লাস্টিক পণ্যের কাছে, হার মানছে বেতের বাজার।
বেত শিল্পে বড় সংকট কাঁচামাল ও দক্ষ কারিগরের অভাব। স্থানীয়ভাবে পাওয়া চিকন বেত দিয়ে তৈরি হয় নকশাদার সামগ্রী। আর মোটা বেতের জন্য নির্ভর করতে হয় আমদানির ওপর।
এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণ জরুরি বলে মনে করেন বিসিকের উপ–মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।
দ্রুত পৃষ্ঠপোষকতা না পেলে অচিরেই ইতিহাসের পাতায় কিংবা শুধু জাদুঘরে দেখা মিলবে, রাজশাহীর ঐতিহ্যবাহী এই শিল্প– এমনটাই মনে করেন স্থানীয়রা।
ইউসুফ আদনান/এফ/দীপ্ত নিউজ








