দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারে দগ্ধ কোরআনের হাফেজ দুই ভাইয়ের মৃত্যু

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
কক্সবাজারে দগ্ধ কোরআনের হাফেজ দুই ভাইয়ের মৃত্যু

কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় বসতঘরে আগুনে দগ্ধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা দুজনই কোরআনের হাফেজ।

মারা যাওয়া দুই ভাই হলো— ওমর ফারুক (১৭) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৬)। তারা চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকার মাওলানা ফজল কাদেরের ছেলে।

অগ্নিদগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।

গত রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে রেল লাইনের পূর্ব পাশে ফজল কাদেরের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ঘুমানোর আগে পরিবার সদস্যরা স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করেন। পরে আগুন পুরোপুরি না নিভিয়েই তারা ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে কয়লার আগুন কাপড়ে লেগে আগুনের সূত্রপাত হয়। বাড়ির পাশের জায়গা খোলা থাকায় বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় ঘরের ভেতরে থাকা দুই ভাই আগুনে আটকা পড়ে গুরুতর দগ্ধ হয়। পরে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ওমর ফারুকের মৃত্যু হয়। তার জানাজার প্রস্তুতির মধ্যেই প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে মারা যায় ছোট ভাই আবদুল্লাহ।

এদিকে, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারটির পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের নগদ অর্থসহ মানবিক সহায়তা দেওয়া হয়েছে।