দীপ্ত নিউজ
খেলা

বিকালে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, যেভাবে দেখবেন

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
বিকালে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, যেভাবে দেখবেন

বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সিঙ্গাপুর–ব্রাজিল। দুই দলের জাতীয় ফুটবল দলের ইতিহাসে এটিই প্রথম মুখোমুখি লড়াই।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

২০২৬ সালের আন্তর্জাতিক সূচিতে ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই। তাই সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটি শুধু বছরের শেষ লড়াই নয়, খেলোয়াড়দের পরখ করে নেয়ারও সুযোগ।

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিতই দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

তবে আজ ডাগআউটে থাকবেন না আনচেলত্তি। এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে তিনি সাইডলাইনে থাকতে পারবেন না। তার অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি।

নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না রাফিনিয়াও। তার অনুপস্থিতিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন ব্রুনো গিমারেস।

বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচটি দেখার সুযোগ থাকতে পারে।

আন্তর্জাতিক সম্প্রচার তালিকা অনুযায়ী, ব্রাজিলে ম্যাচটি দেখানো হবে TV Globo, SporTV ও ge TV-তে। অনলাইনে দেখা যাবে Globoplay-এর মাধ্যমে।

আর সিঙ্গাপুরে ম্যাচটির সম্প্রচার মাধ্যম হিসেবে রয়েছে meWATCH। তবে এসব প্ল্যাটফর্মে বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে কি না, তা অঞ্চলভিত্তিক সম্প্রচার–স্বত্বের ওপর নির্ভর করবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Brazil vs Singapore Live’ লিখে খুঁজলে বিভিন্ন লাইভ সম্প্রচারের লিংক পাওয়া যেতে পারে। তবে সেসব লিংকের বৈধতা যাচাই না করে ক্লিক করা ঠিক হবে না।

সরাসরি ভিডিও সম্প্রচার দেখতে না পারলে ফটমব (FotMob), সোফাস্কোর (Sofascore) কিংবা ইএসপিএন (ESPN) অ্যাপের মাধ্যমে ম্যাচের লাইভ স্কোর, বল দখলের পরিসংখ্যান ও ধারাভাষ্য জানা যাবে।