
টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায় তাঁর বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা।
ওই ভবনের নিচতলায় ইমদাদুল হকের দোকান থেকে মালপত্রও লুট করার ঘটনা ঘটেছে।
জেলা বিএনপি আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, ‘টুঙ্গিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাদের একটি দোকান থেকে অন্তত ১০টি ফ্রিজ (রেফ্রিজারেটর) লুট করে নিয়ে গেছে। এ ছাড়া বাড়ি থেকে মেয়ের বিয়ের জন্য জমানো স্বর্ণালংকারও লুট করা হয়েছে। আমাদের আশঙ্কা, এগুলো আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের নির্দেশেই ঘটানো হচ্ছে।’
এর আগে, দুপুরের পর পাটগাতী বাজারে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকালে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদল কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়
টুঙ্গিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।








