দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

ফরিদুল ইসলাম
ফরিদুল ইসলাম
প্রকাশ:
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

পরকীয়া সম্পর্ক এবং এক চীনা নারীকে গুপ্তচর সন্দেহের অভিযোগ ঘিরে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ সিদ্ধান্ত কার্যকর হয়। নতুন প্রধান নির্বাহী নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস।

হুয়াংকে ঘিরে বিতর্কের মধ্যে চলতি সপ্তাহে এনভিডিয়ার বাজারমূল্য ৬০০ বিলিয়ন ডলারের বেশি কমেছে।

প্রায় ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত অধিকাংশ চিপ সরবরাহ করে।

এর আগে, পরকীয়া নিয়ে বিতর্কের জেরে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিচালনা পর্ষদ—এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর মধ্যে একজনকে চীনা গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে।

এরই মধ্যে স্ত্রীর সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন জেনসেন হুয়াং। তিনি চীনা গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা নিয়ে স্বাধীন তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

তবে হুয়াংয়ের পদত্যাগের বিষয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের দেয়া বিবৃতিতে গুপ্তচরবৃত্তির অভিযোগ কিংবা তার ব্যক্তিগত জীবন ঘিরে ওঠা বিতর্কের কোনো উল্লেখ করা হয়নি। বরং প্রতিষ্ঠানটির জন্য হুয়াংয়ের অবদানের প্রশংসা করেছে পর্ষদ।

বিবৃতিতে বলা হয়, ‘এনভিডিয়ায় জেনসেনের অবদান অপরিসীম। প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি কোম্পানিগুলোর একটি। কোম্পানি ও প্রযুক্তি শিল্পে তার অসামান্য অবদানের জন্য পরিচালনা পর্ষদ ও প্রতিষ্ঠান তার প্রতি কৃতজ্ঞ।’

এনভিডিয়ার দাবি, এখন পর্যন্ত প্রতিষ্ঠানের গোপন তথ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মেলেনি।