
গাজীপুরে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তি দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান। তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
এদিকে নগরীর কোনাবাড়ী, জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টেসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে আশপাশে অবস্থান করছেন। এছাড়াও কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।








