
রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় সৌদিগামী ফ্লাইট পরিচালনার বিষয়ে পূর্বঘোষিত সিদ্ধান্ত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (১১ নভেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ বলেছে, হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের সময় বহাল থাকবে।
তবে ঢাকা–জেদ্দা–ঢাকা, ঢাকা–দাম্মাম–ঢাকা ও ঢাকা–মদিনা–ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।
যাত্রীদের টিকিট ও ভ্রমণ–সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত ৩ নভেম্বর রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল বিমান।








