
ভাই হারালেন অভিনেতা ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে খবরটি নিজেই জানিয়েছেন ডিপজল।
ফেসবুক পোস্টে ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করে ডিপজল লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’
ভাইয়ের স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, ‘ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
একই পোস্টে মেজো ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন ডিপজল। তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
এর আগে গত ৯ নভেম্বর সামাজিক মাধ্যমে ভাইয়ের অসুস্থতার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডিপজল। মেজো ভাইয়ের একটি ছবি শেয়ার করে তিনি দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে লিখেছিলেন, তার মেজো ভাই অত্যন্ত অসুস্থ। ওই পোস্টে ভক্ত–শুভাকাঙ্ক্ষীরাও সামাজিক মাধ্যমে তার ভাইয়ের সুস্থতা কামনা করেছিলেন।








