দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

টিভি উপস্থাপিকা রাবিয়াকে গুলি করে হত্যা

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
টিভি উপস্থাপিকা রাবিয়াকে গুলি করে হত্যা

পাকিস্তানের রাওয়ালপিন্ডির গুলশানাবাদে নিজ বাড়িতে টিভি উপস্থাপিকা রাবিয়া আহসানের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিটি পুলিশ অফিসার (সিপিও) হাসান সুখেড়া সাংবাদিকদের জানান, রাবিয়া আহসানের ঘাড়ের নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে। তিনি এর আগে প্রবীণ সাংবাদিক আমির মতিন ও রউফ ক্লাসরার সঙ্গে সমসাময়িক বিষয়ভিত্তিক একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন।

সিপিও জানান, নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে রাবিয়ার স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহভাজন আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সদর বেরুনি থানায় পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) ৩০২ ধারা এবং পাঞ্জাব আর্মস (সংশোধনী) অধ্যাদেশ, ২০১৫–এর ২–এ ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশের জানায়, ৪১ বছর বয়সী রাবিয়া আহসানের দুই মেয়ে রয়েছে। গুলির ঘটনার সময় তারা তাদের নানির সঙ্গে বাড়ির আঙিনায় বসে ছিল।

পুলিশ বাড়ির এক গৃহকর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি বলেছেন, রাবিয়ার স্বামী দাবি করেছেন, আগ্নেয়াস্ত্রটি থেকে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে গিয়েছিল।

সিপিও সুখেড়া জানান, পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে এবং ময়নাতদন্তের জন্য রাবিয়ার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাবিয়া আহসানের অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। তার অনেক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট ব্যক্তিরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

ফার্স্ট লেডি আসিফা ভুট্টো–জারদারি এই হত্যাকাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে একটি পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।

আসিফা ভুট্টো–জারদারি পেশাজীবী এই নারীকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

গত আগস্ট মাসে রাওয়ালপিন্ডিতেই নিজ বাড়িতে ৪৫ বছর বয়সী ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ দেওয়া এক পোস্টে সিনেটর শেরি রেহমান এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘কোনো নারীরই নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে বেঁচে থাকা সমীচীন নয়, বিশেষ করে নিজের বাড়িতে তো নয়ই।’ সূত্র: এনটিভি।