দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

আল আমিন
আল আমিন
প্রকাশ:
নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন তিনি।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার পক্ষে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (৯ নভেম্বর) পাঠানো এ–সংক্রান্ত একটি চিঠি দেখার পর খবরটি জানিয়েছে রয়টার্স।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর শেখ হাসিনার এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এই প্রথম সামনে এলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘদিনের ক্ষমতা হারানোর পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারত–বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী। ‘শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসবেন যে পাসপোর্ট দিতে হবে? তাকে হ্যান্ডওভার চাই।’ তার ভাষ্য, একজন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট নয়, প্রয়োজন বিচারিক প্রক্রিয়া। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করতে হবে।

এর আগে গত ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি বাংলাদেশে ফিরতে চান।

যদিও দেশে ফেরার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতারা। রয়টার্সকে দলটির নেতারা জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করা হবে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর।

বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। দলটির জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ শেখ হাসিনার মতো ভারতে অবস্থান করছেন, কেউ কেউ অন্য দেশে আত্মগোপনে রয়েছেন। আবার অনেকে কারাগারে আছেন।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র–জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়েছেন।