দীপ্ত নিউজ
ক্রিকেট

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আল আমিন
আল আমিন
প্রকাশ:
২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ
বাংলাদেশ

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৫৬ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে ৩ উইকেটে ৮৮ রান। এখনো ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা।

দিনের শুরুতে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু করেন ১৩৩ রান। জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে আসে ৫১ রান, আর কেভিন উইকহ্যাম করেন ৬১। শেষ দিকে জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের জুটিও ভুগিয়েছে বাংলাদেশকে। শেষ উইকেটে তাঁদের ৩৩ রানের জুটির পর ১০৬.৪ ওভারে ৩৫৬ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৯০ রান দিয়ে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয়বারের মতো ইনিংসে ৬ উইকেট নেওয়ার কীর্তি। একই সঙ্গে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে স্টাম্পিংয়ের মাধ্যমে উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। চোটের কারণে সাদমান ইসলাম খেলতে না পারায় ওপেনিংয়ে নামেন নাঈম হাসান। তবে ৫ রান করে জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর তানজিদ হাসান ১৬ রান করে জাস্টিন গ্রিভসের বলে দুর্দান্ত ক্যাচের শিকার হন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ইনিংস বড় করতে পারেননি। শামার জোসেফের বলে বোল্ড হওয়ার আগে করেন ১৮ রান। ৫১ রানে ৩ উইকেট হারানোর পর দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। তাদের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষে এসেছে ৩৭ রান। হৃদয় ২৯ ও মুশফিক ১৯ রানে অপরাজিত আছেন।