
টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ট্রেনের কোচ ক্ষতিগ্রস্ত হওয়া, স্লিপার ভেঙে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের জন্য উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। পরে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বগি উদ্ধার ও রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল হাসান বলেন, বর্তমানে ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল চালু রয়েছে। তবে মিটারগেজ লাইন বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
এদিকে, ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।