দীপ্ত নিউজ
বাংলাদেশ

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
ছবি: সংগৃহীত

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাটিভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ অন্তত আরও ১৫ জন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে রংপুর–ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগাহ হাইওয়ে পুলিশ ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীতে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘খান এন্টারপ্রাইজ’–এর একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে নামেন। বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ যাত্রীর মৃত্যু হয়।

হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন জানান, দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কায় মোট ৩জন মারা গেছেন। আহত অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

 

এসএ 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।