
পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

উত্তরের জেলা পঞ্চগড়ে দিনের তুলনায় কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। দিনে রোদের তীব্রতা, বিকেল গড়াতেই ঠান্ডা বাতাস। সন্ধ্যার পর বাড়ছে শীতের অনুভূতি, যা রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে। ভোর পর্যন্ত থাকছে শীতের আমেজ। তাপমাত্রা কমতে থাকায় শীতের আগমনী বার্তা অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে রাতের তাপমাত্রা কমলেও দিনের বেলায় থাকছে গরমের অনুভূতি। মঙ্গলবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনে গরম আর রাতে ঠান্ডা— এমন আবহাওয়ার মধ্য দিয়ে সময় পার করছেন জেলার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয় থেকে আসা বাতাসের প্রভাবে জেলায় তাপমাত্রার পারদ কমছে। শীত আসতে শুরু করেছে। তবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে জেলায় বৃষ্টিবলয় কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।