শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় লরির ধাক্কায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসটি থামানো হয়। এসময় বাসের যাত্রীরা নেমে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির লরি দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থল থেকেই ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফায়ারফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দাঁড়িয়ে থাকা যাত্রীদের লরি চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং বাকি দুজনকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হেফাজতে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

বার আউলিয়ায় হাইওয়ে থানা ভারপ্রাপ্ত ইনচার্জ সার্জেন্ট শামীম আলম বলেন, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।