দীপ্ত নিউজ
খেলা

সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন

আল আমিন
আল আমিন
প্রকাশ:
সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন

সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের মাধ্যমে টিকিট কিনতে পারবেন ফুটবলপ্রেমীরা। টিকিটের দাম ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত।

এক টিকিটে একই দিনের দুটি ম্যাচ দেখার সুযোগ থাকলেও টিকিট বিক্রির দায়িত্বে থাকা টিকিফাইকে ঘিরে আগের অভিজ্ঞতার কারণে দর্শকদের মধ্যে উদ্বেগও রয়েছে।

আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। গ্রুপপর্বে প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে ম্যাচ। ফলে একটি টিকিট কিনেই একই দিনে অনুষ্ঠিত দুই ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকেরা।

টিকিট সংগ্রহ করতে টিকিফাইয়ের ওয়েবসাইটে গিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ইভেন্ট পেজে প্রবেশ করতে হবে। এরপর পছন্দের ম্যাচের দিন ও গ্যালারির শ্রেণি নির্বাচন করে কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। টিকিটের কিউআর কোড অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে প্ল্যাটফর্মটি। একই কোড ব্যবহার করে একাধিক ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে যিনি প্রথম স্টেডিয়ামে ঢুকবেন, কেবল তারই প্রবেশ নিশ্চিত হবে।

সাফের গ্রুপপর্বের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচটি শ্রেণিতে। সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখতে খরচ হবে এক হাজার টাকা। ক্লাব হাউসের টিকিট চার হাজার, ভিআইপি গ্যালারি সাত হাজার, রেড বক্স আট হাজার এবং করপোরেট বক্সের টিকিটের দাম ১০ হাজার টাকা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।