সিস্টেম মাইগ্রেশনের কারণে কিউক্যাশ নেটওয়ার্ক আওতাধীন ৩১ ব্যাংকের এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস), লেনদেন‘সহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা নির্ধারিত সময় পর্যন্ত বন্ধ থাকবে।
রবিবার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে কিউ ক্যাশের সিস্টেম মাইগ্রেশন শুরু হয়েছে। আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত সেবাগুলো সীমিত থাকতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হলে সংশ্লিষ্ট ব্যাংকিং সেবাগুলো স্বাভাবিকভাবে চালু হয়ে যেতে পারে।
কিউ ক্যাশ হলো একটি কার্ড নেটওয়ার্ক, যা বিভিন্ন ব্যাংকের কার্ড ও এটিএম বুথকে একটি নেটওয়ার্কের আওতায় যুক্ত করে গ্রাহকদের সহজে ও নিরাপদে টাকা লেনদেনের সুবিধা দেয়।
বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে আইটিসির তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়নি। ব্যাংকগুলো নিজেদের সিদ্ধান্তে একযোগে সেবা বন্ধ রেখেছে।
তিনি বলেন, গ্রাহকদের সেবা বন্ধ রাখার বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলো আগে কোনো বিজ্ঞপ্তি বা পূর্বঘোষণা দেয়নি। ফলে হঠাৎ কয়েকটি সেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে আগে থেকে জানানো প্রয়োজন ছিল। যেহেতু জানানো হয়নি, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে কিউ ক্যাশের সিনিয়র অফিসার সাইফউদ্দিন বলেন, ‘আমরা সিস্টেম আপডেটের কাজ করছি। সিস্টেমে কোনো ঝামেলা হয়নি। আমাদের সদস্য ব্যাংকগুলোকে বিষয়টি জানিয়েছি।’
আগে থেকে ব্যাংকগুলোকে জানানো হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আপডেট করার সঙ্গে সঙ্গে জানানো হয়েছে।’
অনলাইন লেনদেন, কার্ড ও এটিএম সেবা বন্ধ থাকছে যেসব ব্যাংকে— অগ্রণী ব্যাংক, ব্যাংক আল–ফালাহ, বেসিক ব্যাংক, ব্যাংক এশিয়া, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও উত্তরা ব্যাংক।
এসএ