চুয়াডাঙ্গায় বুকে লোহার শিক ঢুকিয়ে ফল বিক্রেতাকে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গায় বুকে লোহার শিক ঢুকিয়ে ফল বিক্রেতাকে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধু (৬০) নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মধু আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে এক সবজি বিক্রেতার সঙ্গে মধুর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। এ সময় ওই ব্যক্তি কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত লোহার শিক মধুর বুকে ঢুকিয়ে দেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মধুকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, লোহার শিকের আঘাতে বুকের প্রধান শিরা কেটে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More