জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড থেকে শুরু করে সাদা কাগজ—কোথাও লাল, কোথাও কালো কালির আঁচড়। অথচ প্রতিটি পাতার আড়ালেই যেন লুকিয়ে আছে একটি সম্পর্কের অজানা গল্প। কখনো সেখানে ভালোবাসার উষ্ণতা, কখনো অভিমানের ভার, আবার কখনো বিশ্বাস হারানোর গভীর ক্ষত।
এমপি গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা চিঠিগুলো যেন সেই সম্পর্কের নানা অধ্যায়ের নীরব সাক্ষী। অক্ষরের ফাঁকে ফাঁকে উঠে এসেছে ভালোবাসা, টানাপোড়েন, প্রতারণার অভিযোগ ও বিশ্বাসভঙ্গের কষ্ট।
চিঠিগুলোর পাতায় পাতায় মিশে আছে আবেগ, ক্ষত আর না–বলা অনেক কথা।
শেষ বিদায়ের আগে এক চিঠিতে মরিয়ম নিজেকে পরাজয়ের কাঠগড়ায় দাঁড় করিয়ে সতর্ক করে বলেছেন— ‘আমি হেরেছি, তুমি জিতেছো, কারণ, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম বলেই তো—আমাকে ঠকিয়ে তুমি জিততে পেরেছো।’ ‘আমি ধ্বংসের শেষে দাঁড়িয়েও মুখে হাসি রেখেছি। ভেবে নাও, এই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ!’

আরেক চিঠিতে মরিয়ম জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে কালো কালিতে একটি পাতায় আক্ষেপ প্রকাশ লিখেছেন—‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে। জিততে পারিনি। জিতবই বা কেমনে? যুদ্ধের শেষপ্রান্তে গিয়ে দেখি—তুমি ছিলে বিপক্ষের সেনাপতি!

বিদায়কালের আগে মরিয়ম আরও কিছু কথা হৃদয় নিংড়ে লিখেছেন সাদা কাগজের বুকে। তিনি লিখেন, ‘সে ছিল অন্য নারীর স্বামী। কাগজে, কলমে, অধিকারে ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা। অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ।’

মরিয়ম লিখেন, ‘কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের। কারণ, ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়। ভালোবাসা হয় সম্পূর্ণ না হয় অপূর্ণ।’
তিনি আরও লিখেছেন, ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই। তা না হলে, যতটা সস্তা ভাবছো, ততটা সস্তা আমি নই।’

চিঠিগুলোর সঙ্গে ‘১২–০৭–২০২৬’ তারিখ সংবলিত একটি পাতাও পাওয়া গেছে। ওই পাতায় ঘুমানোর আগে করণীয় কয়েকটি ধর্মীয় আমলের তালিকা লেখা রয়েছে।
পাতাটিতে লিখা— ১২–০৭–২০২৬ ঘুমানোর আগে ৬টি আমল: কালেমা পড়ে, দুরুদ শরীফ, ঘুমের দোয়া, আয়াতুল কুরসী, বিসমিল্লাহির রহমানির রাহিম ২১ বার, আস্তাগফিরুল্লাহ ৩ বার, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া এহিয়া, দুরুদ শরীফ ১১ বার, ইয়া আরহামার রাহিমিন ১১ বার।’’
উল্লেখ্য, সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ–পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।
এসএ