ক্ষণজন্মা এক নক্ষত্র সালমান শাহ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কিছু মানুষ সময়ের সীমানায় আটকে থাকেন না। চলে যাওয়ার পরও তারা থেকে যান মানুষের স্মৃতিতে, ভালোবাসায়, আর অসংখ্য গল্পে। সালমান শাহ তেমনই এক নাম। পর্দায় তার উপস্থিতি থেমেছে বহু বছর আগে; কিন্তু ভক্তদের ভালোবাসায় আজও থামেননি সেই নায়ক। বরং ক্যালেন্ডারে ১৯ সেপ্টেম্বর এলেই নতুন করে ফিরে আসে ইমন থেকে সালমান হয়ে ওঠা সেই স্বপ্নের নায়ককে ঘিরে অসংখ্য স্মৃতি।

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা এক নক্ষত্র সালমান শাহ। আজ তার জন্মদিন। বেঁচে থাকলে ৫৫তম বসন্ত পেরিয়ে আরেকটি নতুন বসন্তে পা দিতেন তিনি। হয়তো আজ তার জন্মদিন ঘিরে থাকত বর্ণাঢ্য আয়োজন। কিন্তু সবার প্রিয় এ নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুর অনেক বছর পার হলেও এখনও তাকে নিয়ে আলোচনা হয়।

ভক্তরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। প্রতিবারের মতো এবারও সালমান শাহর জন্মদিন উপলক্ষে দেশের নানা অঞ্চলে ভক্তদের গঠিত ‘সালমান শাহ ফ্যান ক্লাব’র সদস্যরা নায়কের জন্মদিন উদযাপন করবেন। নায়ককে ঘিরে টিভি চ্যানেলগুলো অনুষ্ঠান প্রচার করবে। এ ছাড়া বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

এই অমর নায়কের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী।

সিনেমায় অভিষেকের আগে কয়েকটি নাটকে অভিনয় করেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করেছিলেন এই নায়ক। তার আবির্ভাবে চলচ্চিত্র যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি সঞ্চয় করেছিল।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। প্রথম সিনেমাতেই আকাশচুম্বী জনপ্রিয়তা পান সালমান শাহ। দর্শকের হৃদয়ে ঝড় তোলেন। এ সিনেমার মধ্য দিয়ে মৌসুমীরও চলচ্চিত্রে অভিষেক ঘটে।

পরবর্তী সময়ে সালমান শাহমৌসুমী আরও কয়েকটি সিনেমায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান। এরপর শাবনূরের সঙ্গে জুটি বেঁধে ডজনখানেক সিনেমায় অভিনয় করেন এই নায়ক। তার অভিনীত সর্বাধিক সিনেমার নায়িকা শাবনূর। এই নায়কের সঙ্গে জুটি হয়ে আরও অভিনয় করেছেন শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি।

সালমান শাহর জীবদ্দশায় মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা— কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেম যুদ্ধ, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই ও স্বপ্নের পৃথিবী।

সালমান শাহর মৃত্যুর পরের সপ্তাহে মুক্তি পেয়েছিল ‘সত্যের মৃত্যু নেই’। এরপর মুক্তি পায়— জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু ও সবশেষ বুকের ভেতর আগুন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More