দীপ্ত নিউজ
বাংলাদেশ

কাজুবাদাম দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাজুবাদাম দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক (এমপি) বলেছেন, কাজুবাদাম দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। দেশে ও আন্তর্জাতিক বাজারে কাজুবাদাম ও কফির বিশাল চাহিদা রয়েছে, দামও অনেক বেশি। বুধবার (৫ এপ্রিল) দুপু‌রে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বি‌ভিন্ন কাজুবাদাম ও কফি বাগান পরিদর্শণ এবং চাষিদের সাথে মতবিনিময়কালে প্রধান অ‌তি‌থির বক্তব্যে কৃ‌ষিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত কফি ও কাজুবাদামের ১২ লাখ চারা বিনামূল্যে কৃষকদেরকে দেয়া হয়েছে। এ বছর আরও ২০ লাখ চারা কৃষকদের দেয়া হবে।

তি‌নি আরো বলেন, এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাত বাড়াতে হবে। পাহাড়ের বৃহৎ এলাকাজুড়ে এসব ফসল চাষের অনেক সম্ভাবনা রয়েছে। এখানে এসব ফসলের চাষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে পার্বত্য চট্টগ্রাম এলাকায় অর্থনীতিতে বিপ্লব ঘটবে।

কফি ও কাজুবাদামের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং প্রক্রিয়াজাতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, এসব ফসলের চাষ জনপ্রিয় করতে কৃষক ও উদ্যোক্তাদেরকে আমরা বিনামূল্যে উন্নত জাতের চারা, প্রযুক্তি ও পরামর্শসেবা প্রদান করে যাচ্ছি।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম‌পি, দীপংকর তালুকদার এমপি, বাসন্তী চাকমা এমপি, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসসহ বি‌ভিন্ন অ‌ফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এমি/দীপ্ত