তিন বিয়ে ও বিচ্ছেদ: পডকাস্টে যা বললেন শ্রাবন্তী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার তিন বিয়ে ও বিচ্ছেদ সবসময়ই চর্চার কেন্দ্রে থেকেছে।

টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার তিন বিয়ে ও বিচ্ছেদ সবসময়ই চর্চার কেন্দ্রে থেকেছে। সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে হাজির হয়ে নিজের জীবনের সেই চরম হতাশার মুহূর্তগুলো নিয়ে মুখ খুলেছেন এই আলোচিত অভিনেত্রী।

সম্পর্কের বারবার পাওয়া আঘাত শ্রাবন্তীকে মানসিকভাবে চরম বিপর্যস্ত করেছিল। পডকাস্টে তিনি জানান, একসময় এই হতাশা থেকে নিজেকে শেষ করে দেয়ার কথাও ভেবেছিলেন তিনি। শ্রাবন্তী বলেন, “অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি, কেন শেষ করব? একটা ভুল পছন্দের কারণে?”

অভিনেত্রীর বৈবাহিক জীবনের ইতিহাস বেশ ঘটনাবহুল। খুব অল্প বয়সে, ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তিনি প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারের একমাত্র ছেলে অভিমন্যু বর্তমানে মায়ের সঙ্গেই থাকছেন। প্রথম বিচ্ছেদের পর ওই একই বছরে মডেল কৃষাণের সঙ্গে সম্পর্কে জড়ান এবং তাকে বিয়ে করেন। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি, মাত্র এক বছরের মাথায় তাদের দাম্পত্যের ইতি ঘটে।

পরবর্তীতে ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে অনেকটা গোপনেই বিয়ে করেন এই অভিনেত্রী। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশন সিংয়ের সঙ্গেও তার পাকাপাকিভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়।

জীবনের এই কঠিন অধ্যায়গুলো পার করে শ্রাবন্তী এখন অনেক বেশি পরিণত। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের নানা গুঞ্জন দূরে সরিয়ে বর্তমানে নিজের কাজ এবং ক্যারিয়ারেই পুরো মনোযোগ দিতে চান টালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More