শরীয়তপুরের গোসাইরহাটে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে ১৪ বছরের এক গৃহকর্মী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) রাতে গোসাইরহাটে উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরীটি উপজেলার রায়হান তালুকদারের বাসায় দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিল। সোমবার কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে রায়হান তালুকদার (৪২) তাকে চেতনানাশক ওষুধ মেশানো টিস্যু পেপার দিয়ে মুখ চেপে ধরেন। এতে কিশোরী অচেতন হয়ে পড়লে তাকে পাশের পানের বরজের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ধর্ষণের পর কিশোরী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত রায়হান তাকে পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ফেলে পালিয়ে যান।
পরে স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে রাতে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে রাতেই গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে গোসাইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।