আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে লিওনেল মেসি আবারও বুঝিয়ে দিলেন, বড় মঞ্চে তাঁর গল্প এখনো শেষ হয়নি। আর্জেন্টিনার ৩–০ গোলের জয়ে তিন গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬–তে নিয়ে গেছেন তিনি, ছুঁয়েছেন মিরোস্লাভ ক্লোসের পুরুষ বিশ্বকাপ গোলরেকর্ড। আর্জেন্টিনার হয়ে ২০০তম ম্যাচে এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মেসিকে কি ২০৩০ বিশ্বকাপেও দেখা যাবে?
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মিক্সড জোনে এমন প্রশ্ন করলে মেসি প্রথমে হেসে ফেলেন। এরপর সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ‘না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।’
আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই একাধিক রেকর্ডের মালিক ছিলেন তিনি। ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোও আজ সেই তালিকায় তার পাশে নাম লেখাতে পারেন।
বয়স প্রায় ৩৯। ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হলে তার বয়স হবে ৪২ বছর। অতীতে বহুবার খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানালেও বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ে সেই বয়সে খেলা কতটা কঠিন, সেটাও ভালো করেই জানেন তিনি।