দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
ইমরান খান । ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ফের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২৯ মার্চ) এক বিচারককে হুমকি দেয়ার মামলায় তার বিরুদ্ধে নতুন এ পরোয়ানা জারি করা হয়েছে।

শুনানিতে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন ইমরান খানের আইনজীবীরা। তবে তা খারিজ করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক মালিক আমান।

পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুনানির সময় ইমরান খানের আইনজীবীরা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রাখার অনুরোধ করেছিলেন। কারণ হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান তারা। তা অগ্রাহ্য করা হয়েছে। ইমরান খানের জীবনের ওপর হুমকি থাকা সত্ত্বেও তার নিরাপত্তা ব্যবস্থাও প্রত্যাহার করেছে আদালত।

এক প্রতিবেদনে ডন জানিয়েছে, বুধবার ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতে ইমরান খানের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু ইমরান খান আদালতে উপস্থিত হননি। তার আইনজীবীর পক্ষ থেকে অনুপস্থিতির জন্য আবেদন জানানো হয়। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী এর ওপর আপত্তি জানান। বারবার অনুপস্থিতির কারণে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি জানান। একইসাথে ১৮ এপ্রিল তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

যে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সেটা মূলত ইমরান খানের একটি বক্তব্য সম্পর্কিত। ইসলামাবাদের ফাতিমা জিন্নাহ পার্কে এক সমাবেশে ইমরান খান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী ও পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে ‘দেখে নেয়ার’ হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এরপরই ইমরান খানের বিরুদ্ধে মামলা হয়।

অনু/দীপ্ত সংবাদ