দীপ্ত নিউজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার
নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে গত ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামিলের রুমমেট হিশাম আবুগারবিয়েহর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সপ্তাহ থেকে বাংলাদেশের দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) লিমনের মরদেহ উদ্ধারের পরও নাহিদার খোঁজ এখনো মেলেনি। খবর সিএনএনের

হিলসবরো কাউন্টির শেরিফ চাদ চিরোনিস্টার বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা। যা পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী হিশামের বাসায় গেলে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে হামলা, অবৈধভাবে আটকে রাখা, প্রমাণ নষ্ট, মৃত্যু গোপন রাখা এবং মরদেহ সরানোর অভিযোগ আনা হয়।

জামিল লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজ নাহিদা বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

লিমনের মৃত্যুর কারণ এখনো নির্ধারণ করা হয়নি। মেডিকেল এক্সামিনার ময়নাতদন্তের ফল শিগগির প্রকাশ করতে পারেন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে বৃষ্টিকে খুঁজে বের করতে তল্লাশি ও তদন্ত চালিয়ে যাচ্ছে।