মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ‘স্টাফ কোয়ার্টার‘ একটি বাসা থেকে ‘কালনাগিনী সাপ‘ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সদস্যরা।
সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে স্টাফ কোয়ার্টারে শ্রাবণ পাল নামে ব্যাক্তির বাসা থেকে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, বাসায় একটি কালনাগিনী সাপ দেখতে পান পরিবার সদস্যরা। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সদস্যদেরকে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে এসে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক।
তিনি বলেন, উদ্ধারকৃত কালনাগিনী সাপটি নির্বিষ।
উল্লেখ্য, কালনাগিনী মূলত একটি মৃদু বিষধর সাপ, যা দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় দেখা যায়। এরা সাধারণত ২ থেকে ৪.৫ ফুট লম্বা হয়। এদের দেহ সবুজাভ হলুদ রঙের হয় এবং তাতে লাল ও কালো রঙের চমৎকার ডোরাকাটা নকশা থাকে। এটি একটি ক্ষীণ বিষধর সাপ।
লোককাহিনী ও চলচ্চিত্রে ‘কালনাগিনী সাপ‘ অত্যন্ত ভয়ংকর ও প্রাণঘাতী হিসেবে চিত্রায়িত করা হলেও বাস্তবে এটি মানুষের কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না।
এসএ