
গুলিস্তান বিস্ফোরণ: সকালে ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ শুরু

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধারকাজ আবার শুরু করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা। বুধবার (৮ মার্চ) সকাল থেকে ভবনটির খসে পড়া পলেস্তারা ও অন্যান্য সরঞ্জাম সরাতে শুরু করেন তারা।
ফায়ার সার্ভিসকর্মীরা ঝুঁকিপূর্ণ বিবেচনায় মঙ্গলবার রাত ৮টা থেকে উদ্ধারকাজ স্থগিত করে রাখে। ক্ষতিগ্রস্ত ভবনটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। তাই সেনাবাহিনীর সহায়তা ছাড়া উদ্ধারকাজ করা সম্ভব নয় বলেও জানানো হয়েছে।
এদিকে বুধবার সকাল থেকে সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রমে অংশ নেয়ার কথা রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের বলেন, “ভবনের বেজমেন্ট এবং নিচতলা একদমই ধসে গেছে। এ অবস্থায় ভবনটি ঝুঁকিপূর্ণ। এটাকে ‘শোরিং’ করে (কিছুটা স্বাভাবিক অবস্থায়) উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।”
মঙ্গলবারের বিস্ফোরণে সাততলা ভবনের তিনতলা পর্যন্ত পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজমেন্ট। সেখানে কী হয়েছে তা এখনও সবার অজানা।
এফএম/দীপ্ত সংবাদ








