
রিমান্ড শেষে কারাগারে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী

ঝিনাইদহ–৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ঝিনাইদহ সদর থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয় তাকে। পরে সেখান থেকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সালাহউদ্দিন মিয়াজী ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ–৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়, এর আগে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন তিনি।
সোহাগ/ইএ/দীপ্ত








