রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিজের উদ্যোগে বসানো সিসি ক্যামেরা ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (১৯ জুন) বিকালে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা–১৩ আসনের নাগরিকদের নিয়ে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, সাধারণ মানুষকেও এখানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চুরি–ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি তার সহকর্মী নূর ইসলামও নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন।
এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত ‘কমিউনিটি পুলিশিং’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে এবং খুব শীঘ্রই এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে বলে প্রতিমন্ত্রী জানান।
এলাকায় পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির স্থায়ী উন্নতির জন্য এই ব্যবস্থার আরও আধুনিকায়ন ও উন্নয়ন প্রয়োজন। অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।