রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন সুষমা-কুশল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ডা. সুষমা রেজা এবং ডা. সায়েদুল আশরাফ কুশল তাদের দীর্ঘ দুই দশকের বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘোষণা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ও জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা এবং ডা. সায়েদুল আশরাফ কুশল তাদের দীর্ঘ দুই দশকের বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘোষণা করেছেন। শনিবার (২৭ জুন) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তার মাধ্যমে বিচ্ছেদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুষমা রেজা।

পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই কঠিন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে ডা. সুষমা রেজা লেখেন, ‘খুব অল্প বয়সে আমাদের একসঙ্গে পথচলা শুরু হয়েছিল। দেখতে দেখতে প্রায় দুই দশক কেটে গেছে। এই দীর্ঘ সময়ে আমরা একটি পরিবার গড়েছি, সন্তানদের বড় হতে দেখেছি। সময়ের সঙ্গে সঙ্গে আমরা দুজনই উপলব্ধি করেছি, আমাদের সম্পর্কটি আর আগের মতো নেই। জীবনের এই পর্যায়ে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াই আমাদের দুজনের জন্য সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।’

ব্যক্তিগত এই সংবেদনশীল সময়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য ও গুজব থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন ডা. সুষমা। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত ঘটনা মুহূর্তের মধ্যেই আলোচনার বিষয় হয়ে যায়। আমাদের জীবনের এই সময়টুকুকে অনুগ্রহ করে অনুমান, গুজব কিংবা বিচারবিশ্লেষণের বিষয় করে তুলবেন না।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা দুজন সময় নিয়ে ধীরে ধীরে এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু আমাদের পরিবারের সদস্য, বিশেষ করে আমাদের সন্তান ও বাবামায়ের কাছে এই বাস্তবতা এখনও গভীর বেদনাদায়ক।’

বিচ্ছেদের ঘোষণার পাশাপাশি বিগত বছরগুলোতে পাশে থাকার জন্য পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই চিকিৎসক। তিনি লিখেছেন, ‘আমরা দুজন পরস্পরের প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং শান্ত গ্রহণযোগ্যতা নিয়ে এই ২০ বছরের অধ্যায়ের সমাপ্তি টানছি।’

সবশেষে জীবন নিয়ে এক জীবনবোধের বার্তা দিয়ে সুষমা রেজা বলেন, ‘জীবন খুবই ভঙ্গুর। তাই প্রতিটি মুহূর্ত সচেতনভাবে, কৃতজ্ঞতায় ও আন্তরিকতায় বাঁচুন। প্রিয় মানুষগুলোর হাত শক্ত করে ধরে রাখুন।’

উল্লেখ্য, ডা. সুষমা রেজা ও ডা. সায়েদুল আশরাফ কুশল দীর্ঘ সময় ধরে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের জীবনযাত্রার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরার জন্য জনপ্রিয় ছিলেন। তাদের এই বিচ্ছেদের খবরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More