ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্রে পরাজয় বরণ করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে তিনি ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে হেরেছেন।
শুভেন্দু অধিকারী তার জয়কে হিন্দুত্ববাদের জয় হিসেবে অভিহিত করেছেন।
সোমবার (৪ মে) ভবানীপুর কেন্দ্রে ভোট গণনা শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়ে থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলে যেতে থাকে। সপ্তম রাউন্ড শেষে তিনি ১৭,০০০ ভোটের লিড পেলেও ১৪তম রাউন্ডে তা ৪,০০০–এর নিচে নেমে আসে। শেষ পর্যন্ত সব ব্যবধান ঘুচিয়ে জয় ছিনিয়ে নেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রটি ২০১১ সাল থেকে তৃণমূল দুর্গ হিসেবে পরিচিত ছিল, যেখানে এবার বড় ধরনের ভাঙন ধরল।
বিজয় নিশ্চিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা অত্যন্ত জরুরি ছিল। এটি তার রাজনৈতিক জীবনের অবসর।’
তিনি আরও বলেন, ‘মুসলিমরা তাকে খোলাখুলি ভোট দিয়েছে। বিশেষ করে ৭৭ নম্বর ওয়ার্ডের মতো মুসলিম প্রধান এলাকাগুলোতে তারা মমতার পক্ষ নিয়েছে। অন্যদিকে হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করে জয়ী করেছেন। এই জয় আসলে হিন্দুত্ববাদের জয়।’
উল্লেখ্য, ২০২১ সালে নির্বাচনে নন্দীগ্রামের পর এই নিয়ে দ্বিতীয়বার শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্র: ইন্ডিয়া টুডে
এসএ