দীপ্ত নিউজ
বাংলাদেশ

সারাদেশে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সারাদেশে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দেশের বিভিন্নস্থানে সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বৃষ্টিপাতের সম্ভাবনা কম।


সোমবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর স্থল নিম্নচাপটি ভারতের গাঙ্গেয় এলাকা হয়ে আরও দুর্বল হয়ে উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এ অবস্থায় ঢাকায় আর ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এ আবহাওয়াবিদ আরও বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত কমে আসছে। আজ কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

 

ঢাকায় রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, খুলনা, যশোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুরে এখনো ভারি বৃষ্টিপাত হচ্ছে।

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সাগর এখনো উত্তাল জানিয়ে তিনি বলেন, ফলে সমুদ্র বন্দর এলাকায় তিন নম্বর এবং অভ্যন্তরীণ নদীবন্দর এলাকায় এক নম্বর সতর্ক সংকেত বহাল আছে।