শিশুশ্রম এবং পথশিশু নির্যাতন (street-based violence) নিরসনে জনসচেতনতা সৃষ্টি, সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং তাদের অধিকার সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডো (LEEDO)-এর উদ্যোগে সোমবার (২৯ জুন) রাজধানীর সদরঘাট এলাকায় বাহাদুর শাহ পার্কে এক লোকসঙ্গীত ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু, কিশোর–কিশোরী, স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক আলোচনা, শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লোকসঙ্গীত পরিবেশনা এবং বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ক্যাম্পের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণকারী শিশুদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন। পাশাপাশি লোকসঙ্গীতের সুর ও বাণীর মাধ্যমে শিশু অধিকার রক্ষা, স্বাস্থ্যবিধি, শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব এবং পথ–সংযুক্ত শিশুদের ওপর সব ধরনের নির্যাতন প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ফরহাদ হোসেন বলেন, “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ন্যাশনাল চাইল্ড লেবার সার্ভে ২০২২ অনুযায়ী, দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৩৫ লাখ ৩৭ হাজার শিশু কোনো না কোনো ধরনের কাজে নিয়োজিত রয়েছে, এই বাস্তবতা আমাদের জন্য উদ্বেগজনক। শিশুশ্রম শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ শৈশবকে বাধাগ্রস্ত করে। তাই শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ, সরকার এবং বেসরকারি সংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে প্রতিটি শিশু নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় শৈশব পায়।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী ও স্থানীয় বাসিন্দারা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিহিত করেন।
আয়োজকরা জানান, সংস্কৃতি ও মৌলিক স্বাস্থ্যসেবার সমন্বয়ে এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা জোরদার এবং সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও পথ–সংযুক্ত শিশুদের কল্যাণে শিশুশ্রম ও সহিংসতামুক্ত সমাজ গঠনে লিডোর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।