দীপ্ত নিউজ
বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শাহজালাল বিমানবন্দরে আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজ (পণ্য রাখার স্থান) কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।

এসব সরঞ্জাম আজ (১৯ অক্টোবর) খালাস হওয়ার কথা ছিল।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা বৈদ্যুতিক সরঞ্জামগুলো খালাসের দায়িত্বে ছিল মমতা ট্রেডিং কোম্পানি নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।

কোম্পানি কাস্টমস বিপ্লব হোসাইন জানান, ৬ দিন আগে রাশিয়া থেকে ৭টি শিপমেন্টে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম এসেছিল।

তিনি বলেন, ‘পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশন থেকে এনওসি (অনাপত্তিপত্র) নিতে হয়। সেই অনুমতি নিতে দেরি হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত খালাস করা সম্ভব হয়নি। আজ খালাস হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই পণ্যগুলো আগুনে পুড়ে গেছে।’

উল্লেখ্য, শনিবার (১৯ অক্টোবর) বেলা ২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি কাজ করে। ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল সেখানে মূলত আমদানি করা পণ্য রাখা হয়।

সূত্র: প্রথম আলো

 

এসএ