শাকিব-হিমেল জুটির নতুন সিনেমা ‘মহব্বত’, নায়িকা কে?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

‘প্রিয়তমা’র পর আবারও একসঙ্গে ফিরছেন শাকিব খান ও হিমেল আশরাফ। তাদের নতুন সিনেমা ‘মহব্বত’ আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। তবে নায়িকার পরিচয় এখনো অজানা।

তিন বছর আগে ‘প্রিয়তমা’ দিয়ে দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফ। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সিনেমাটি ঢাকাই চলচ্চিত্রে দর্শকের আগ্রহ ফেরানোর আলোচনাও তৈরি করেছিল। এবার সেই জুটি আবারও বড় পর্দায় ফিরছেন। নতুন সিনেমাটির নাম ‘মহব্বত’।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়ে শাকিব খান লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে মূল্য, প্রতিশ্রুতি আর লড়াই… পরিচয় করিয়ে দিচ্ছি মহব্বত; এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু। দেখা হবে আগামী কোরবানির ঈদে!’

এর আগে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা নির্মাণ করেছেন হিমেল আশরাফ। দুটি সিনেমারই প্রযোজনায় ছিলেন আরশাদ আদনান। এবার একই পরিচালক ও প্রযোজকের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধছেন শাকিব খান।

তবে ‘মহব্বত’–এর গল্প, শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন কিংবা কবে থেকে সিনেমাটির শুটিং শুরু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই নায়িকা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে গুঞ্জন রয়েছে, ‘মহব্বত’–এ শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে নতুন কোনো মুখকে। এমনকি সেই অভিনেত্রী ভিনদেশি তারকা হতে পারেন বলেও আলোচনা রয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More