
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন দিদারুল আলম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. দিদারুল আলম। বৃহস্পতিবার (১১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. দিদারুল আলমকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।’
কুমিল্লার সন্তান মো. দিদারুল আলম বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের (২০তম বিসিএস) কর্মকর্তা। ২০২০ সালের ১ সেপ্টেম্বর তিনি উপসচিব পদে পদোন্নতি পান। ২০২২ সালের ৩০ জুন যুগ্ম সচিব হন। এরপর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়। এ বছরের ১৬ ফেব্রুয়ারি তাকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়।
নাজমুল হোসেন/এমবিআর/দীপ্ত সংবাদ








