সিরাজগঞ্জ জেলার নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে মদপান করে বিরূপ আচরণ ও অসংলগ্ন কথা বলা প্রধান শিক্ষক রুহুল আমিন‘কে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে তার এমপিও স্থগিতের সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, যেহেতু এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত, তাই এতে শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। এ ধরনের শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজ কক্ষে চেয়ারে বসে মাতলামি করছেন। বিদ্যালয়ে তখন এইচএসসি পরীক্ষা চলছিল।
খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হন।
এসএ