বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজীতে ইমাম হোসেন মাহিম নামের এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
বুধবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুজাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় মোহাম্মদ তাহসীনকে অভিযুক্ত করে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবকের বাবা জাহাঙ্গীর আলম মিন্টু।
পরিবারিক সূত্রে জানা যায়, বাড়ি থেকে স্কুলে যাওয়া–আসার পথে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই এলাকার তাহসীন। বিষয়টি পরিবারকে জানালে ওই ছাত্রীর ভাই মাহিম তাহসীনের পরিবারের কাছে অভিযোগ করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে তাহসীন মাহিমকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে পরিস্থিতি শান্ত করতে ভুক্তভোগী মাহিমের পরিবার অভিযুক্ত ব্যক্তির পরিবারে সদস্যদের সঙ্গে কথা বলেন।
বুধবার সন্ধ্যার সময় সুজাপুরের ফরায়েজী বাড়ির সামনে তাহসীন ও তার দল মাহিমের ওপর আবারও হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাকে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। এতে মারাত্বক আহত হয়। মাহিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত মাহিমকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী যুবকের বাবা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, আমরা দরিদ্র মানুষ। ঘটনা যাতে বড় না হয়, সে জন্য আমি তাদের কাছে অনুরোধও করেছি। কিন্তু তারপরও আমার ছেলের ওপর হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আবদুল্লাহ মামুন