আল্লাহ তাআলার অশেষ নেয়ামত বৃষ্টি। বিশেষত দীর্ঘ দিন অনাবৃষ্টি ও তাপপ্রবাহের পর বৃষ্টি আল্লাহর অনেক বড় নেয়ামত। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বৃষ্টি সম্পর্কে উদ্ধৃত করেছেন।
রাসুলুল্লাহ (সা.) বৃষ্টির সময় কিছু আমল করতেন। তিনি দোয়া করতেন– ‘আল্লাহুম্মা সায়্যিবান নাফিআহ’। অর্থ– হে আল্লাহ! তুমি এ বৃষ্টিকে প্রবহমান ও উপকারী করে দাও। (সুনানে নাসায়ি, হাদিস : ১৫২৩)
দমকা হওয়া বইতে দেখলে রাসূল (সা.) আতঙ্কগ্রস্ত হয়ে যেতেন এবং উদ্বিগ্ন হয়ে চলাফেরা করতেন। যখন বৃষ্টি হতো তখন তিনি খুশি হতেন।
হযরত আয়িশা (রা:) থেকে বর্ণিত, আমি এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার আশঙ্কা হয়, আমার উম্মাতের ওপর কোনো গজব আসে কি না। বৃষ্টি দেখলেই তিনি বলতেন, রাহমাতান অর্থাৎ এটি আল্লাহর রহমত। (হাদিস : ১৯৬৯)
অন্য হাদিসে রয়েছে, আয়িশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) আকাশে মেঘ দেখলে নফল ইবাদাত ছেড়ে দিতেন। এমনকি সালাতে উপবিষ্ট অবস্থায়ও।
অতঃপর তিনি দোয়া করতেন, ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরি ওয়া খাইরি মা উরসিলাত বিহি, ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি ওয়া শাররি মা উরসিলাত বিহি’।
অর্থ– হে আল্লাহ! আমি আপনার কাছে বৃষ্টির উপকারী দিক কামনা করছি। আর অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। (সুনানে আবু দাউদ, হাদিস : ৫১৯৯)
এসএ