মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। আটক আবদুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে।
স্থানীয় লোকজন জানান, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে ইছাখালী সীমান্তের দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ অন্যান্য ফসলের চাষ করে আসছেন। আজ সকালে ওই জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ তাঁকে তুলে নিয়ে যায়। এ ঘটনা ইছাখালী গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ২ ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন।
আবদুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘আমার দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা আমার দাদাকে ছেড়ে দেয়নি। এ কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে দুজন ভারতীয় কৃষককে তুলে এনেছে। তাদের একজনের নাম সচিন কর্মকার, অপরজন নারায়ণ দেব।’
এ ঘটনায় বেলা দুইটার দিকে পতাকা বৈঠক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ কর্মকর্তারা। বৈঠক থেকে আটক ৩ জনকেই নিজ নিজ দেশের সীমান্ত বাহিনীর হাতে তুলে দেয়া হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, পতাকা বৈঠকে আবদুল মান্নান‘কে ফেরত দিয়েছে বিএসএফ। এলাকাবাসীর আটক করা ২ ভারতীয়কেও ফেরত দেওয়া হয়েছে।
এসএ