
বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলাদেশে ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ৭ এপ্রিল ঢাকায় শুরু হতে যাওয়া বিনিয়োগ সম্মেলনে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। এ সময় কারিগরি সহায়তা প্রদান করবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
এদিকে, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, স্টারলিঙ্কের মাধ্যমে বাংলাদেশের শহর ও প্রান্তিক অঞ্চলে নিরবচ্ছিন্ন ও উচ্চমানের ইন্টারনেট সেবা প্রদান করা হবে।
জানা গেছে, স্টারলিংক পরীক্ষামূলক সম্প্রচারে বিদেশি স্যাটেলাইট গেটওয়ে ব্যবহার করলেও, বাণিজ্যিক সেবাদানে এনজিএসও নীতিমালা অনুসরণ করে স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করবে।








