দীপ্ত নিউজ
বাংলাদেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি

বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর কারণে দেশের দুই বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর দেওয়া বার্তায় বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমারের উপকূলের কাছে লঘুচাপটি আছে। এ লঘুচাপ বাংলাদেশ–মিয়ানমার উপকূলের দিকে আসতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, এই লঘুচাপটি ঘনীভূত হতে পারে। পরে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। আর এর প্রভাবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এ ছাড়া বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানেও বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, লঘুচাপটি চট্টগ্রাম উপকূলের দিকে আসছে। আর এ কারণে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে।

এবার লঘুচাপের প্রভাবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু—জানতে চাইলে হাফিজুর রহমান বলেন, রাজধানীতে আগামীকাল বুধবার (৫ নভেম্বর) বা এর পরদিন (৬ নভেম্বর) সামান্য বৃষ্টি হতে পারে।

এর আগে, গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় মোন্থা আঘাত হানে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়।

 

এসএ