বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার বন্দরে সতর্ক সংকেত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের নিকটবর্তী এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। এই কারণে দেশের চারটি প্রধান সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর–১) এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নিম্নচাপটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৬০ কিমি দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২০০০ কিমি দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৯৭৫ কিমি দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৬০ কিমি দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি–এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More