পাম্পে ত্রুটির কারণে দিনাজপুর জেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন আবার বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে ইউনিটটিতে ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রয়োজনীয় মেরামত কার্যক্রম চলছে। ইউনিটটি চালু করতে একদিন সময় লাগতে পারে। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে প্রতিদিন ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মেরামতের পর ২ আগস্ট এটি পুনরায় চালু করা হয়।
উল্লেখ্য, বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। এই ইউনিট থেকে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।
প্রসঙ্গত, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে এক ও দুই নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট করে এবং তিন নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন।
এসএ