
প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এই কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে।‘
রবিবার (৪ জুন) টাঙ্গাইল সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার পূর্বে জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ক্রীড়া মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রথম পর্যায়ে আমরা ১২৬টি স্টেডিয়াম করেছিলাম। এখন দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রকল্প হাতে নিয়েছি। এছাড়া ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা হাতে নেয়া হবে শিগগিরই।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ।
সুমন/ আল/দীপ্ত সংবাদ





