বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রবিবার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পে–স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করবো। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে পে–স্কেল ঘোষণা হতে পারে।’
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘বাজারে কিছু সমস্যা আছে, এটাও আমরা চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করছেন, জ্বালানি এবং বিদ্যুতের কারণে হয়তো প্রোডাকশন চেইন একটু ডিস্টার্ব হয়েছে। এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘গত ১১ বছর নতুন পে–স্কেল না হওয়ায় ১৮ লক্ষ সরকারি কর্মকর্তা–কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে আছেন। জনগণের জন্য কিছুটা কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সমন্বয়ের স্বার্থে এটি জরুরি হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, ‘সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি। সংকট সমাধানে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।’
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পূর্ববর্তী সরকারের বিকল্প ব্যবস্থা না থাকায় বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘এই ধরনের সংকট দিনে দিনে ঠিক করা যায় না, এটার সময় লাগে। আমরা বহুমুখী সাপ্লাই চেইন সৃষ্টি করছি। রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এমনকি চীন থেকেও জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছে সরকার।’
এসএ