পুরান ঢাকায় গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে গ্যাসের লাইনে কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। সোমবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন– আব্দুর রহিম (৫০) তার মেয়ে মিম আক্তার (২১) ও তার নাতি আলিফ (২)।

দগ্ধরা জানান, তারা ধূপখোলা মাছবাজারের একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকান। ওই দোকানে বসাছিলেন আ. রহিম; পাশেই ছিলেন মেয়ে ও নাতি। দোকানটির সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত কাজ চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়; মুহূর্তেই আগুন ধরে যায় তাদের শরীরে।

দগ্ধ রহিমের ছেলে মো. আল–আমিন জানান, কয়েক দিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে সেখানে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা করা হয়নি। ঝুঁকি নিয়ে কাজ চলছিল। সকালে সেখান থেকেই বিস্ফোরণ হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, শিশুসহ তিনজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক জানান, তিনজনের মধ্যে রহিমের অবস্থা গুরুতর।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More