তিব্বতে হিমবাহ ধসে চীন ও নেপালের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় আজ বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ২৭৩ জন নিহত এবং ১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ৩০টির বেশি দেশের নাগরিক রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ওই এলাকায় কম্পন শনাক্ত হওয়ার তিন মিনিট পর, সকাল ৮টা ৪০ মিনিটে ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যা শুরু হয়। কয়েক মিনিটের মধ্যে প্রবল পানি, কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নদী উপত্যকার জনবসতি, সড়ক, সেতু, সরকারি–বেসরকারি স্থাপনা এবং জলবিদ্যুৎ অবকাঠামোর ওপর দিয়ে প্রবাহিত হয়।
রাসুয়ার টিমুরে, স্যাফ্রুবেশি ও রাসুওয়াগাধি এবং নুওয়াকোটের বেত্রাবতী, ত্রিশূলী ও দেবীঘাট এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায় নিখোঁজ অনেকেই ট্রেকিং কিংবা হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান কৈলাস পর্বতে তীর্থযাত্রার জন্য ওই এলাকায় ছিলেন।
নেপাল পুলিশের হিসাবে দেশটিতে অন্তত ২৭০ জন নিহত এবং ৮২৬ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্রের বরাত দিয়ে বলা হয়েছে, নিখোঁজদের মধ্যে ১১৩ জন নেপালি পর্যটক, সেনাবাহিনী ও পুলিশের ৮৫ জন সদস্য এবং রাসুয়া জেলার ১৬১ জন বাসিন্দা রয়েছেন। এছাড়া নুয়াকোট জেলার একজন বাসিন্দাও নিখোঁজ রয়েছেন।
আজ বৃহস্পতিবার পরে দেশটির পর্যটন বোর্ড জানায়, দেশটিতে ৫১৭ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতের গিরং কাউন্টিতে অন্তত তিনজন নিহত এবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। এ ছাড়া নেপালের অংশে প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নেপাল পর্যটন বোর্ডের হিসাবে, নিখোঁজদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক—১৭৯ জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অধিকাংশই তিব্বতের পবিত্র তীর্থস্থান কৈলাস পর্বতে তীর্থযাত্রার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ৬৫ জন, মালয়েশিয়ার ৫১ জন, ইউক্রেনের ৫৩ জন, অস্ট্রেলিয়ার ৩৫ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন নাগরিক নিখোঁজ রয়েছেন।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ হিসেবে বিবেচিত ৫৩ জন ইউক্রেনীয় নাগরিকের মধ্যে ৪৬ জন পর্যটক রয়েছেন এবং নেপালি কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। দক্ষিণ কোরিয়া সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে একটি জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাজ করা দেশটির নয়জন নাগরিকও নিখোঁজ রয়েছেন।
এ ছাড়াও সিঙ্গাপুরের আটজন, জার্মানির আটজন পর্যটক, রাশিয়ার আটজন, দক্ষিণ আফ্রিকার ছয়জন, লাটভিয়ার ছয়জন এবং নিউজিল্যান্ডের পাঁচজন নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপালের পর্যটন বোর্ড।
স্থানীয় সংবাদমাধ্যমে পাঁচজন জাপানি নাগরিক নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর উদ্বেগ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
এছাড়া চারজন ফরাসি, তিনজন বেলজিয়ান এবং তিনজন স্প্যানিশ নাগরিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি ইতালি, কাজাখস্তান, পর্তুগাল, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের দুজন করে নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পর্যটন বোর্ড।
সেই সঙ্গে বেলারুশ, ফিনল্যান্ড, হাঙ্গেরি, ইসরায়েল, লিথুয়ানিয়া, ফিলিপাইন, বুলগেরিয়া, সুইজারল্যান্ড, সার্বিয়া ও সুইডেনের একজন করে নাগরিকও নিখোঁজ রয়েছেন বলে বোর্ড জানিয়েছে।